‘দুর্নীতিতে জিরো টলারেন্স’, দায়িত্ব নিয়েই কড়া বার্তা অগ্নিমিত্রার!
অভিজিৎ সাহা: রাজ্যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন Agnimitra Paul। মঙ্গলবার বিকাশভবনে নিজের দপ্তরে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র নির্দেশে রাজ্য সরকার এবার থেকে “জিরো টলারেন্স” নীতিতে চলবে।নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, দল-মত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্য, “দুপুর ৩টে হোক বা রাত ৩টে, মহিলারা যাতে নির্ভয়ে বাইরে বেরতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।”
মন্ত্রী আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় অনেক ক্ষেত্রে থানায় অভিযোগ নিলেও এফআইআর দায়ের করা হত না। তবে বর্তমান সরকারে সেই পরিস্থিতির বদল হবে বলে দাবি করেন তিনি। নির্যাতনের ঘটনায় “জিরো এফআইআর” গ্রহণের কথাও ঘোষণা করেন অগ্নিমিত্রা।তিনি জানান, রাজনৈতিক পরিচয় দেখে কোনও অভিযুক্তকে রেয়াত করা হবে না। বিজেপির পতাকা হাতে থাকলেও দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাজ্যে পালাবদলের পর নব্য বিজেপি সমর্থকদেরও সতর্ক করেন মন্ত্রী। দলীয় পরিচয়ের আড়ালে কোনও সমাজবিরোধী বা দুর্নীতিমূলক কাজ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
এদিন অগ্নিমিত্রা পল আরও বলেন, অভয়া মামলা, কয়লা ও বালি চুরির মতো একাধিক গুরুত্বপূর্ণ ফাইল নতুন করে খতিয়ে দেখা হতে পারে। আইন মেনেই প্রশাসন পরিচালিত হবে বলেও জানান তিনি।