‘দুর্নীতিতে জিরো টলারেন্স’, দায়িত্ব নিয়েই কড়া বার্তা অগ্নিমিত্রার
অভিজিৎ সাহা: রাজ্যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কড়াকড়ি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে বিজেপি সরকার। মঙ্গলবার বিকাশভবনে নিজের দপ্তরে এসে সেই বার্তাকেই আরও স্পষ্ট করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পল।এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য সরকার এবার থেকে “জিরো টলারেন্স” নীতিতে চলবে। দুর্নীতি, সমাজবিরোধী কার্যকলাপ কিংবা মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় কোনওভাবেই আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।মন্ত্রী বলেন, “দল-মত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া হবে না। বিজেপির পতাকা হাতে থাকলেও দোষ করলে ব্যবস্থা নেওয়া হবে।”মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, রাজ্যের প্রতিটি নারী যাতে দিন বা রাত যে কোনও সময় নিরাপদে চলাফেরা করতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। তাঁর কথায়, “দুপুর ৩টে হোক বা রাত ৩টে, মহিলারা যেন নির্ভয়ে বাইরে বেরতে পারেন, সেই পরিস্থিতি তৈরি করতে চাই আমরা।”পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, বহু ক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হলেও এফআইআর দায়ের করা হত না। বর্তমান সরকার সেই সংস্কৃতি বদলাতে বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি। নির্যাতনের ঘটনায় “জিরো এফআইআর” গ্রহণের ব্যবস্থার কথাও ঘোষণা করেন মন্ত্রী।একই সঙ্গে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে বিজেপির সঙ্গে যুক্ত হওয়া কর্মী-সমর্থকদেরও সতর্ক করেন অগ্নিমিত্রা। তিনি জানান, দলীয় পরিচয়ের আড়ালে কোনও রকম দুর্নীতি, দাদাগিরি বা সমাজবিরোধী কাজ বরদাস্ত করা হবে না।এদিন তিনি আরও ইঙ্গিত দেন, অভয়া মামলা, কয়লা ও বালি চুরির মতো একাধিক গুরুত্বপূর্ণ ফাইল নতুন করে খতিয়ে দেখা হতে পারে। প্রশাসনের প্রতিটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের এই বার্তা প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হওয়াকে আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ দিক হিসেবেই দেখা হচ্ছে।