ব্যাটে-বলে প্রোটিয়াদের আধিপত্য, বিশ্বকাপে কানাডাকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা!
নিজস্ব সংবাদদাতা: T20- বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির পরিচয় দিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কানাডাকে ৫৭ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল গত বারের রানার্সরা। এ বারের বিশ্বকাপে তুলনামূলক দুর্বল দলগুলিও বড় দলগুলির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। নেপাল, আমেরিকা বা নেদারল্যান্ডসের লড়াকু মানসিকতা নজর কাড়লেও সেই তালিকায় জায়গা করতে ব্যর্থ কানাডা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কানাডা। কিন্তু সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা দ্রুত প্রমাণ করে দেন প্রোটিয়া ব্যাটাররা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এডেন মার্করাম ওপেন করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন। ৩২ বলে ৫৯ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছয়। কুইন্টন ডি কক (২৫) ও রায়ান রিকলটন (৩৩) ভালো সঙ্গ দেন। শেষ দিকে ডেভিড মিলার (৩৯) ও ট্রিস্টান স্টাবস (৩৪) ঝোড়ো ব্যাটিংয়ে রান তোলার গতি আরও বাড়ান। কানাডার বোলিং আক্রমণ ছিল সম্পূর্ণ নিষ্প্রভ। একমাত্র ব্যতিক্রম অনশ পটেল, যিনি ৩১ রানে ৩টি উইকেট তুলেনেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কানাডা। ব্যাটিং লাইনে কোনও স্থিরতা দেখা যায়নি। নবনীত ঢালিওয়াল ৪৯ বলে ৬৪ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন। হর্ষ ঠাকের ২৯ বলে ৩৩ রান করেন। তবে বাকিরা দ্রুত ফিরে যাওয়ায় ৮ উইকেটে ১৫৬ রানেই থেমে যায় কানাডার ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিংয়ে আগুন ঝরান লুঙ্গি এনগিডি। তিনি ৩১ রানে ৪টি উইকেট নেন। মার্কো জানসেন ২টি, কর্বিন বস ও কাগিসো রাবাডা একটি করে উইকেট দখল করেন। বিশ্বকাপের শুরুতেই বড় জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়ল দক্ষিণ আফ্রিকার। অন্য দিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিজেদের পারফরম্যান্স নিয়ে নতুন করে ভাবতে হবে কানাডাকে।