নিজস্ব সংবাদদাতা : ঐতিহাসিক মেদিনীপুর শহরে গড়ে উঠতে চলেছে নতুন এক গৌরবের স্মারক। কলেজ রোড সংলগ্ন এলাকায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সেনানী, বীর বিপ্লবী শহীদ-এ-আজম ভগৎ সিং-এর ১৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।মাত্র ২৩ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে ভগৎ সিং ভারতবাসীর মনে সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের এক অমর প্রতীক হয়ে রয়েছেন।

তাঁর আদর্শ আজও তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর শক্তি জোগায়।মেদিনীপুর শহরের ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই মূর্তির আবরণ উন্মোচন করা হবে আগামী ২৩ মার্চ, সোমবার সন্ধ্যায়, ভগৎ সিং-এর আত্মবলিদান দিবস উপলক্ষে। এই বিশেষ দিনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আকর্ষণীয় সাংস্কৃতিক কর্মসূচির।শহরজুড়ে ইতিমধ্যেই উৎসাহের আবহ তৈরি হয়েছে। ঐতিহাসিক এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা।