অভিজিৎ সাহা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হতে চলা এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সভার দিন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে একাধিক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানা গিয়েছে।এই জনসভা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনের আগে এই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।