Skip to content

প্রযুক্তির ছোঁয়ায় নতুন যুগের সূচনা! ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘অ্যাডিডাস ট্রিওন্ডা’ ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনা!

নিজস্ব সংবাদদাতা : ফুটবল বিশ্বকাপ মানেই শুধু বিশ্বের সেরা দল ও তারকাদের লড়াই নয়, বরং নতুন প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং নতুন চমকেরও মঞ্চ। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই মহারণকে ঘিরে যেমন সমর্থকদের আগ্রহ তুঙ্গে থাকে, তেমনই বিশেষ নজর থাকে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের উপর। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য সেই বহুল প্রতীক্ষিত বলের নাম ঘোষণা করেছে অ্যাডিডাস— ‘ট্রিওন্ডা’ (Adidas Trionda)। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল সরবরাহ করে আসছে অ্যাডিডাস। প্রতিটি বিশ্বকাপেই তারা নতুন ডিজাইন ও প্রযুক্তির সমন্বয়ে অভিনব বল নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ট্রিওন্ডা। এই বলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বিপ্লবাত্মক চার-প্যানেলের কাঠামো, যা পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম। এছাড়াও বলের ভিতরে সংযোজিত হয়েছে ৫০০ হার্জ মোশন সেন্সর চিপ, যা ম্যাচ চলাকালীন বলের গতিবিধি সম্পর্কে রিয়েল-টাইম তথ্য ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম। ফলে অফসাইড, হ্যান্ডবল বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রযুক্তিগত সহায়তা আরও নিখুঁত হবে বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালের শরতে ফিফা ও অ্যাডিডাস আনুষ্ঠানিকভাবে ট্রিওন্ডা উন্মোচন করলে ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নেয় এর অনন্য নকশা। লাল, নীল এবং সবুজ রঙের সমন্বয়ে তৈরি ডিজাইনটি ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশ— কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর প্রতিনিধিত্ব করে।বলটির গায়ে থাকা ম্যাপেল পাতার প্রতীক কানাডাকে, তারকা চিহ্ন যুক্তরাষ্ট্রকে এবং ঈগলের মোটিফ মেক্সিকোকে তুলে ধরেছে। ফলে প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি তিন আয়োজক দেশের সাংস্কৃতিক পরিচয়ও ফুটে উঠেছে এই বিশেষ বলে।বিশ্বকাপের ইতিহাসে প্রতিটি বলই আলাদা পরিচিতি তৈরি করেছে। সেই তালিকায় ট্রিওন্ডাও নতুন এক অধ্যায় রচনা করতে চলেছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। আধুনিক প্রযুক্তি, অভিনব নকশা এবং উন্নত অ্যারোডাইনামিক বৈশিষ্ট্যের সমন্বয়ে ‘অ্যাডিডাস ট্রিওন্ডা’ ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

Latest