Skip to content

সীমান্তে যুদ্ধের আগুন! আফগানিস্তান–পাকিস্তান সংঘাতে বিস্ফোরক দাবি, সাত এয়ারবেসে হামলার অভিযোগ!

নিজস্ব সংবাদদাতা :  আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। হামলা ও পাল্টা হামলায় উত্তেজনার পারদ চড়ছে ঘণ্টায় ঘণ্টায়। সোমবার তালিবান নেতৃত্বাধীন আফগান প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, পাকিস্তানের নূর খান এয়ারবেস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার পরদিনই আরও বড় দাবি সামনে আনে কাবুল—পাকিস্তানের সাতটি গুরুত্বপূর্ণ এয়ারবেসে হামলা ও দখল নেওয়ার অভিযোগ তুলেছে আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা সূত্রের বক্তব্য, পাকিস্তান প্রথমে আফগান ভূখণ্ডে আক্রমণ চালায়। তার জবাবেই পাল্টা অভিযান শুরু করে আফগান বাহিনী। পাকটিকা প্রদেশের সীমান্ত এলাকায় একটি পাকিস্তানি সাঁজোয়া ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সেনা প্রথমে বিতর্কিত Durand Line অতিক্রম করে আফগান সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর জেরে আফগান বাহিনী কান্দাহার-বেলুচিস্তান ও কান্দাহার-খাইবার পাখতুনখোয়া সীমান্ত সংলগ্ন শোরবাক, স্পিন বোল্ডাক, মারুফ ও আর্গিস্তান এলাকায় পাকিস্তানি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। পাশাপাশি জাবুল-কামারদিন ও খোস্ত-মীরানশাহ সীমান্ত এলাকাতেও ট্যাঙ্ক ও ভারী কামান ব্যবহার করা হয়েছে বলে দাবি।আফগান সেনার মুখপাত্র Enayatullah Khwarazmi জানিয়েছেন, সংঘর্ষে তিনজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পাকিস্তানের তরফে এখনও পর্যন্ত এই দাবির কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্ত জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নিচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।

Latest