নারায়ণ চন্দ্র নায়ক,পূর্ব মেদিনীপুর: শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রমকোড বাতিল, লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ এবং ১০০ দিনের কাজ চালুর দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয় ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। রাজ্যে পরীক্ষার কারণে সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘট পালিত হয়। সেই কর্মসূচির সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে পিকেটিং ও বিক্ষোভ মিছিল সংগঠিত করল শ্রমিক সংগঠন AIUTUC। ধর্মঘটের সমর্থনে কৃষক বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে সর্বভারতীয় কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠন (AIKKMS)-এর কর্মীরাও। তমলুক শহরের মানিকতলা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন AIUTUC-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, সঞ্জয় জানা এবং AIKKMS-এর জেলা নেতৃত্ব প্রবীর প্রধানসহ অন্যান্যরা। ধর্মঘটের প্রভাব পড়ে তমলুকের ব্যাংকিং পরিষেবায়—শহরের প্রায় সমস্ত ব্যাংক বন্ধ ছিল। এলআইসি-র তমলুক শাখায় বিভিন্ন কর্মচারী সংগঠনের পিকেটিং ঘিরে পুলিশের সঙ্গে বচসার ঘটনাও ঘটে।

জেলার প্রবেশদ্বার মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ একাধিক এলাকায় বিক্ষোভ মিছিলে শামিল হন শ্রমিক সংগঠনের সদস্যরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন AIUTUC-এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মধুসূদন বেরা। হলদিয়ায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সহ-সভাপতি ফনি ভূষণ চক্রবর্তী। এছাড়াও পাঁশকুড়া, কাঁথি সহ জেলার বিভিন্ন স্থানে ধর্মঘট সমর্থনে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। AIUTUC-এর জেলা সম্পাদক মধুসূদন বেরা বলেন, শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে আজকের ধর্মঘটে শ্রমিক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ এই নীতির বিরোধিতা করছে। তিনি আরও জানান, দাবিগুলি আদায় না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং সকল শ্রমিক-কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
