নিজস্ব সংবাদদাতা : “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই মানবিক বার্তাকেই সামনে রেখে বুধবার, ৮ এপ্রিল আনন্দ কলেজ অফ এডুকেশনের কলেজ প্রাঙ্গণে আয়োজিত হল এক সফল রক্তদান শিবির। মানুষের জীবনরক্ষার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।কলেজের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলা এই শিবিরের উদ্বোধন করেন অধ্যক্ষ ড. কৌশিক সাঁতরা। তিনি রক্তদানের প্রয়োজনীয়তা, মানবিক মূল্যবোধ এবং সমাজে এই ধরনের উদ্যোগের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তাঁর কথায়, একটি রক্তদানই সংকটাপন্ন রোগীর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সেক্রেটারি শেখ আসগর আলী এবং অধ্যক্ষ ড. উৎপল জানা। তাঁরা শিক্ষার্থীদের সমাজসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান এবং এমন মানবিক উদ্যোগকে শিক্ষাঙ্গনের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ বলে উল্লেখ করেন।