সরকারি প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা......
অভিজিৎ সাহা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হল ‘প্রাণীসম্পদ বিকাশ দিবস’। গড়বেতা–৩ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা বর্তমান সরকারের একাধিক জনমুখী প্রকল্প, ভর্তুকি ও ঋণ সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সহ-সভাপতি সিরাজুল পাঠান, ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট বিডিও সন্দীপ কুমার ভৌমিক। পাশাপাশি সমিতির কর্মাধ্যক্ষ সুমন্ত পাল, পবন সাউ, অশোক টুকু, রাম সরেন, দোলন হাজরা, সাহিদা বিবি ও প্রতিমা মুখার্জী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণী মিত্র ও প্রাণী মিত্রারা, স্থানীয় কৃষক, পশুপালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বহু মানুষ সরাসরি সরকারি প্রকল্পের তথ্য জানতে এসে উপকৃত হন।

প্রাণীসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে যে বিষয়গুলি তুলে ধরা হয়—
* দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও গবাদি পশু পালনে ভর্তুকি।
* ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের জন্য বিশেষ ঋণ সুবিধা।
* বিনামূল্যে বা স্বল্পমূল্যে পশু চিকিৎসা ও নিয়মিত টিকাকরণ কর্মসূচি।
* স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রাণীসম্পদভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সহায়তা।গড়বেতা–৩ পঞ্চায়েত সভাপতি চিন্ময় সাহা বলেন, “গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের লক্ষ্যে প্রাণীসম্পদ বিকাশ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের প্রকল্পগুলি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

অন্যদিকে ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য জানান, “সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে বহু পরিবার আজ স্বনির্ভর হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আরও বেশি মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে।” উৎসাহ, উদ্দীপনা এবং তথ্যভিত্তিক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সাধারণ মানুষ সরাসরি দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রকল্প সংক্রান্ত তথ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং স্বনির্ভরতার পথ প্রশস্ত করতে গড়বেতা–৩ ব্লকের এই উদ্যোগ যে ভবিষ্যতে বড় ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।