নিজস্ব সংবাদদাতা: গত ৮ই মার্চ রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যালয়ে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমী আবীর গুপ্তর হাতে তুলে দেওয়া হয় “এ যুগের কিশোর বিজ্ঞানী স্মারক সম্মাননা ২০২৬”। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা এ যুগের কিশোর বিজ্ঞানী-র বার্ষিক সভায় এই সম্মান প্রদান করা হয়।অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত পত্রিকার নিয়মিত লেখকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সভাকক্ষে বহু প্রবীণ ও খ্যাতনামা বিজ্ঞান লেখকের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও গৌরবান্বিত করে তোলে।

এদিন আবীর গুপ্তর সঙ্গে বিশিষ্ট লেখক ভবানীপ্রসাদ জোয়ার্দারকেও একই সম্মানে ভূষিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানমনস্কতার প্রসারে এই পত্রিকার ভূমিকার প্রশংসা করেন। পত্রিকার সম্পাদক ড. অরুণাভ মিশ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও অনুভব করেন সম্মানপ্রাপ্তরা।বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনরা।