Skip to content

এশিয়া চ্যাম্পিয়নশিপে, বিশ্ব ৪ নম্বর ক্রিস্টিকে উড়িয়ে সেমিফাইনালে ভারতের আয়ুষ শেট্টি!

আয়ুষ শেট্টি।

নিজস্ব সংবাদদাতা : চীনের নিংবোতে ভারতীয় ব্যাডমিন্টনের নতুন সেনসেশন হয়ে উঠলেন আয়ুষ শেট্টি। মাত্র ২০ বছর বয়সেই তিনি দেখিয়ে দিলেন বড় মঞ্চে চাপ সামলানোর ক্ষমতা কাকে বলে। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার বিশ্ব ৪ নম্বর জোনাটান ক্রিস্টিকে ২৩-২১, ২১-১৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন ভারতের তরুণ শাটলার। এর ফলে ভারতের জন্য নিশ্চিত হল অন্তত ব্রোঞ্জ পদক। ম্যাচের শুরুতে অভিজ্ঞ ক্রিস্টির বিরুদ্ধে খানিকটা পিছিয়েই ছিলেন আয়ুষ। প্রথম গেমে একাধিকবার ৩ পয়েন্টে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন করেন তিনি। ১৮-১৮ সমতায় ফেরার পর শুরু হয় স্নায়ুর লড়াই। ঠিক সেই সময়েই নিজের সেরাটা বের করে আনেন ম্যাঙ্গালোরের এই লম্বা তরুণ। প্রতিপক্ষের দুই সেট পয়েন্ট বাঁচিয়ে ২৩-২১ ব্যবধানে প্রথম গেম পকেটে পুরে নেন। আয়ুষের জয়ের সবচেয়ে বড় অস্ত্র ছিল তাঁর বিধ্বংসী স্ম্যাশ এবং নিখুঁত কোর্ট কভারেজ। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে কখনও ক্রস-কোর্ট স্ম্যাশ, কখনও বডি-অ্যাটাক— একের পর এক চাপে ফেলেছেন ক্রিস্টিকে। শুধু শক্তির খেলা নয়, কৌশলেও ছিল পরিপক্বতার ছাপ।

ব্যাকলাইনে লব, কর্নারে ফেলে র‍্যালি লম্বা করা, আর সুযোগ বুঝে শরীর লক্ষ্য করে আক্রমণ— সব মিলিয়ে ক্রিস্টিকে বারবার ভুল করতে বাধ্য করেন তিনি। দ্বিতীয় গেমে প্রথম গেমের আত্মবিশ্বাসকে সঙ্গী করে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন আয়ুষ। ক্রিস্টি পাল্টা লড়াইয়ের চেষ্টা করলেও ভারতীয় তরুণের গতি ও শক্তির সামনে বারবার দিশেহারা দেখায় তাঁকে। শেষ পর্যন্ত ২১-১৭ ব্যবধানে গেম এবং ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন আয়ুষ। ভারতীয় ব্যাডমিন্টনের আগামী দিনের সবচেয়ে উজ্জ্বল মুখ হিসেবে অনেকদিন ধরেই আয়ুষ শেট্টির নাম শোনা যাচ্ছিল। কিন্তু এদিন বিশ্বের সেরাদের একজনকে হারিয়ে তিনি যেন সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করলেন। প্রথমবার এশিয়া চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেই শেষ চারে পৌঁছে যাওয়া নিঃসন্দেহে বিরাট কৃতিত্ব।

Latest