অভিজিৎ সাহা: রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuba-Sathi) প্রকল্পে এবার এককালীন ৬০০০ টাকা পাওয়ার সম্ভাবনায় উচ্ছ্বাস ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই এই ভাতা প্রদান শুরু হবে।

কত টাকা ও কীভাবে মিলবে?
যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। অর্থাৎ বছরে মোট ১৮,০০০ টাকা। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা মিলতে পারে, ফলে মোট প্রাপ্য অর্থ দাঁড়াতে পারে ৯০,০০০ টাকা। প্রথমে জানা গিয়েছিল ১৫ আগস্ট থেকে এই টাকা দেওয়া হবে। তবে পরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, ১ এপ্রিল ২০২৬ থেকেই ভাতা কার্যকর হবে। সে ক্ষেত্রে এপ্রিল থেকে জুলাই—এই চার মাসের ১,৫০০ টাকা করে মোট ৬,০০০ টাকা একসঙ্গে আবেদনকারীদের অ্যাকাউন্টে জমা পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

কারা পাবেন এই সুবিধা?
সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী—
*আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
*ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
*বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে (১ এপ্রিল ২০২৬ অনুযায়ী গণ্য)।
*আবেদনকারীকে ‘বেকার’ হতে হবে।
*সরকারি বা বেসরকারি কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকলে এই সুবিধা মিলবে না।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা:
ইতিমধ্যেই অফলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে আবেদন করার সময় কিছু সাধারণ ভুলের কারণে অনেক আবেদন বাতিল হতে পারে। যেমন—
*পেশার ঘরে ‘ছাত্র’ না লিখে ‘বেকার’ উল্লেখ করতে হবে।
*নামের বানান মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হুবহু মিলতে হবে।
*নথিপত্রে কোনো অসঙ্গতি থাকলে আবেদন বাতিল হতে পারে।
রাজ্যের তরুণ সমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল। এখন নজর এপ্রিল ২০২৬-এর দিকে, কবে থেকে বাস্তবে ভাতা পাওয়া শুরু হয়, সেটাই দেখার।