অভিজিৎ সাহা : রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র মুকুটমণিপুর জলাধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০), বাড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অরবিন্দনগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।স্থানীয়দের দাবি, সোমবার সকালে জলাধারের পাড়ে একটি সাইকেল ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। খবর পেয়ে সিভিল ডিফেন্স কর্মীরা ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর জলাধারের লকগেটের কাছে গভীর জল থেকে দেহটি উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে মৃতের পরিচয় নিশ্চিত হয়।পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন বিশ্বজিৎ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাঁকে মুকুটমণিপুর এলাকায় শেষবার দেখা গিয়েছিল বলে জানা যায়।
দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।