নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়ার পরিচিত শিক্ষক মুখ অরিন্দম মণ্ডল, যিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী, প্রতিবাদী ও স্পষ্টভাষী শিক্ষক হিসেবে পরিচিত, শুক্রবার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১০ এপ্রিল বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক শেষে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ, এবিটিএ-র হলঘরে সংগঠনের বৈঠক শেষ করে বেরোনোর পর মঞ্চের নেতা ভাস্কর ঘোষ-সহ কয়েকজন স্কুলডাঙা মাজারের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রায় ৪০ জন দুষ্কৃতী লাঠি ও হকি স্টিক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলার মূল নিশানায় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা অরিন্দম মণ্ডল।

সংগঠনের অভিযোগ, তৃণমূলের ছাত্রনেতা সুরজ বক্সের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল।হামলায় অরিন্দম মণ্ডল গুরুতর জখম হন। তাঁর নাক ও মাথায় গভীর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ও শিক্ষক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তোলা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টা অভিযোগের পর্ব, যা ভোটের আবহে বাঁকুড়ার রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।