Skip to content

বেলদা বাইপাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে দাউদাউ আগুন!

নিজস্ব সংবাদদাতা : বুধবার হোলি দিনে পশ্চিম মেদিনীপুরে বেলদা বাইপাস সংলগ্ন ইসকন মন্দির সামনে জাতীয় সড়কের উপর হঠাৎই আগুনের লেলিহান শিখা। বুধবার দুপুরে বেলদা বাইপাস সংলগ্ন ইসকন মন্দির বেলদা-এর কাছে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায়, মুহূর্তে পরিস্থিতি হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে। দাহ্য পদার্থে ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই গোটা ট্যাঙ্কারটিকে গ্রাস করে নেয়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় জাতীয় সড়কের একাংশ। পথচলতি যানবাহন থমকে দাঁড়ায়, এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

খবর পেয়ে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড়সড় বিস্ফোরণের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা এড়ানো গেছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগেই একটি বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর থেকেই সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এবং মেরামতির কাজ চলছিল। বুধবার সেই কাজ চলাকালীন হঠাৎই আগুন ধরে যায় বলে প্রাথমিক অনুমান।ঘটনায় হতাহতের খবর না মিললেও, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে প্রশাসন। জাতীয় সড়কের উপর এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Latest