Skip to content

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে মেদিনীপুরে এলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় রাজনৈতিক তৎপরতা ক্রমশই বাড়ছে। এই কর্মসূচির অংশ হিসেবেই চন্দ্রকোনার শ্রীনগরে অনুষ্ঠিত পরিবর্তন যাত্রার জনসভায় যোগ দিতে মঙ্গলবার ১০ই মার্চ মেদিনীপুরে পৌঁছান বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা।মঙ্গলবার ১০ই মার্চ বিকেল প্রায় পাঁচটা নাগাদ তিনি চপারযোগে মেদিনীপুরের কুইকোটা হেলিকপ্যাডে অবতরণ করেন। সেখানে পৌঁছাতেই বিজেপি নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানান। এদিন হেলিকপ্যাড চত্বরে বিজেপির জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-নেত্রী, কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

হেলিকপ্যাডে সংক্ষিপ্ত সময় অবস্থান করার পর সেখান থেকেই বিজয় সিনহা চন্দ্রকোনার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, পরিবর্তন যাত্রার সমাপ্তি উপলক্ষে কলকাতায় আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভামঞ্চেও বিজয় সিনহার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। উল্লেখ্য, রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জায়গায় সভা-সমাবেশের আয়োজন করছে বিজেপি। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

Latest