বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, খড়্গপুরের নিকাশি সমস্যা নিয়ে তৃণমূল পুরবোর্ডকে নিশানা সমিত মণ্ডলের!
অরিন্দম চক্রবর্তী : রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খড়্গপুরের কৌশল্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের জেলা সভাপতি সমিত মণ্ডল দাবি করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার ১০০ দিন পূর্ণ করেছে এবং ইতিমধ্যেই উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে।সমিত মণ্ডলের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে নতুন সরকার। পাশাপাশি বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নের মাধ্যমে আগামী দিনে বাংলা আরও এগিয়ে যাবে বলেও দাবি করেন তিনি।দুর্নীতি প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বলেন, দলের কোনও সদস্য বা নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হবে।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খড়্গপুর শহরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়েও সরব হন সমিত মণ্ডল। তাঁর অভিযোগ, খড়্গপুর পুরসভায় নিকাশি সমস্যা নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বৈঠক করলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে শহরবাসীকে।তৃণমূল পরিচালিত পুরবোর্ডকে নিশানা করে তিনি অভিযোগ করেন, তৃণমূল আমলে নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এমনকি নিকাশি সংস্কারের জন্য বড় বড় পাইপ আনা হলেও কাজ না হওয়ায় সেগুলি ফেরত চলে গিয়েছে বলেও দাবি করেন তিনি।সমিত মণ্ডলের আরও অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ১০০ দিন পূর্ণ করলেও খড়্গপুর পুরসভায় তৃণমূল বোর্ড সাধারণ মানুষের কাছে রাজ্য সরকার কোনও কাজ করছে না—এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে। তবে খড়্গপুরের মানুষ বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত বলেই দাবি করেন তিনি।