বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, মেদিনীপুরে লাড্ডু-চকলেট বিলিয়ে সাফল্য প্রচার বিধায়কের!

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, মেদিনীপুরে লাড্ডু-চকলেট বিলিয়ে সাফল্য প্রচার বিধায়কের!

সেখ ওয়ারেশ আলী : গত ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে ৪ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এরপর ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়।

এই উপলক্ষে প্রকাশ করা হয়েছে ৪১ পাতার একটি বিশেষ বই। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক ওই বইয়ে সরকারের প্রথম ১০০ দিনের কাজ, বিভিন্ন উদ্যোগ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।মঙ্গলবার সকালে মেদিনীপুর বিধানসভা এলাকার বিধায়ক সেবা কেন্দ্রের পাশে ১০০ দিন পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইয়ের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা পথচলতি সাধারণ মানুষের হাতে লাড্ডু ও চকলেট তুলে দেন। পাশাপাশি নতুন সরকারের ১০০ দিনের বিভিন্ন কাজ ও সাফল্যের বিষয়গুলিও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।এদিন বিধায়ক শঙ্কর কুমার গুছাই বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আগামী দিনেও মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সরকারের উদ্যোগে সহযোগিতা ও সমর্থনের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানান বিধায়ক।