Skip to content

মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রা, শোভাযাত্রা ও জনসভায় রাজনৈতিক বার্তা রাজ্য নেতৃত্বের!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : খড়্গপুর থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শনিবার এসে পৌঁছাল মেদিনীপুরে। সকাল থেকেই এই কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা ও কৌতূহল। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে এবং স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। শনিবার সকালে পরিবর্তন যাত্রা খড়্গপুরে পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে সরব হয়ে ওঠে এলাকা। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে যাত্রাটি দুপুর নাগাদ মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মেদিনীপুর শহরে প্রবেশ করার পর বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি এগিয়ে যায়। পথে পথে দলীয় পতাকা ও ব্যানারে সেজে ওঠে শহর। বহু জায়গায় বিজেপি সমর্থকেরা ফুলবৃষ্টি করে যাত্রাটিকে স্বাগত জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মেদিনীপুরে পৌঁছে তিনি পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেন এবং কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শহর পরিক্রমা করেন। পরে আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সভা থেকে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যু তুলে ধরে রাজ্যে পরিবর্তনের বার্তা দেন তারা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন এবং প্রশাসনিক নানা বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। জানা গেছে, মেদিনীপুরের কর্মসূচি শেষ করে এই পরিবর্তন যাত্রা কেশপুর হয়ে দাসপুরের উদ্দেশ্যে রওনা দেবে।

Latest