বিএমএসের রাজ্য সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ, অপহরণের চেষ্টার দাবি; কোলাঘাটে আটক ৩!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর রাজ্য সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্যকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে সংগঠনেরই একাংশের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র (কেটিপিপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে কোলাঘাট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কোলাঘাটের বলাকা মঞ্চের সামনে দেবাশিস ভট্টাচার্যের উপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ, তাঁকে বেধড়ক মারধরের পর জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকেই কেটিপিপি টাউনশিপ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সূত্রের দাবি, ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে বিএমএসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।

শহিদ মাতঙ্গিনী ব্লকের সোনাপেত্যা টোল প্লাজার কর্মীদের সংগঠনকে কেন্দ্র করে সেই বিরোধ প্রথম প্রকাশ্যে আসে। পরবর্তীতে হলদিয়া এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকা শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়েও সংগঠনের দুই পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে।জানা গিয়েছে, ভারতীয় মজদুর সংঘের জেলা সহ-সভাপতি অনিল মাইতি দীর্ঘদিন ধরে বিএমএস অনুমোদিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিকা শ্রমিক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে একই সংগঠনের আরেকটি গোষ্ঠী নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়। পুরনো কমিটির নিবন্ধন নম্বর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ আরও প্রকট হয়ে ওঠে বলে অভিযোগ।শনিবার সন্ধ্যায় মেচেদার পথসাথীতে বিএমএসের একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য, জেলা সভাপতি নিশিকান্ত সাউ, জেলা সম্পাদক শুভম বেরা, সহ-সভাপতি অনিল মাইতি, দেবাশিস মাজি-সহ অন্যান্য নেতারা। অভিযোগ, বৈঠক শেষ হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে রবিবার বলাকা মঞ্চের সামনে হামলার ঘটনা ঘটে।ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। কী কারণে এই সংঘর্ষ এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।