নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার, ৭ এপ্রিল সকালে সরাসরি কালীঘাট মন্দিরে পুজো দিতে পৌঁছলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ Kangana Ranaut। তাঁর এই সফর ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে ছিল কৌতূহল ও ভিড়। সূত্রের খবর, মা কালীর দর্শনের পাশাপাশি তিনি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন।এদিন কঙ্গনার উপস্থিতি ছিল নজরকাড়া। হালকা গোলাপি শাড়ি, চওড়া কমলা পাড়, সঙ্গে মানানসই ভারী গয়নায় একেবারে আভিজাত্যপূর্ণ সাজে তিনি মন্দিরে আসেন।

নিজেকে বরাবরই ‘শক্তির উপাসক’ বলে দাবি করা কঙ্গনার আচরণেও এদিন সেই ভক্তির ছাপ স্পষ্ট ছিল। মা কালীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ মন্দিরে বিশেষ পূজায় অংশ নেন তিনি।পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, “আমি সবসময় শক্তির আরাধনা করি। আজ মায়ের ডাক পেয়েই ছুটে এলাম। গোটা দেশের মঙ্গলের পাশাপাশি বাংলার মেয়েদের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুরক্ষার জন্য বিশেষ প্রার্থনা করেছি।” তাঁর কথায় বারবার উঠে আসে নারীশক্তি ও মা কালীর আশীর্বাদের প্রসঙ্গ।শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

কঙ্গনা জানান, রাজ্যে বিজেপির ফল ভাল হোক, সেই প্রার্থনাও তিনি মা কালীর কাছে জানিয়েছেন। ভোটের আগে হেভিওয়েট প্রার্থীদের জোর প্রচারের মাঝে তাঁর এই মন্দির সফর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় নির্বাচনী লড়াই যখন তুঙ্গে, ঠিক তখন কালীঘাটে কঙ্গনার এই সফর শুধুই আধ্যাত্মিক নয়, এর মধ্যে স্পষ্ট রাজনৈতিক বার্তাও লুকিয়ে রয়েছে। বিশেষ করে নারী নিরাপত্তা ও বাংলার ভোটকে একসঙ্গে জুড়ে তাঁর মন্তব্য নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।