বৃষ্টির জেরে বিপর্যস্ত নারায়ণগড়, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক!
নিজস্ব সংবাদদাতা : জেলার টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়া নারায়ণগড়ের একাধিক এলাকা মঙ্গলবার সকাল থেকেই সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি।

পরিদর্শনের সময় তিনি কাঁঠালিয়া-মান্দার, হেমচন্দ্র, বেলদা-সহ বিভিন্ন জলাবদ্ধ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি বেলদার দেউলী মধ্যপাড়া এলাকাও ঘুরে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের নিকাশি সমস্যার কারণ, জল জমার পরিস্থিতি এবং এলাকার সামগ্রিক দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।পরিদর্শন শেষে বিধায়ক রমাপ্রসাদ গিরি বলেন, "জলমগ্ন এলাকাগুলি সরেজমিনে ঘুরে দেখলাম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিকাশি ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছি। দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা সঠিকভাবে সচল না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।"তিনি আরও জানান, "এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য অত্যন্ত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মানুষের সমস্যা সমাধানই আমাদের অঙ্গীকার। জনগণের সুখে-দুঃখে আমরা সবসময় পাশে আছি এবং আগামীতেও থাকব।"