Skip to content

আচমকা পদত্যাগ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের! অস্থায়ী দায়িত্বে তামিলনাড়ুর রাজ্যপাল আর. এন. রবি, ক্ষোভ মমতার!

নিজস্ব সংবাদদাতা :  পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় চমক। আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সি. ভি. আনন্দ বোস। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করলেন, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টা ৫৫ মিনিটে বিমানে করে দিল্লি পৌঁছন তিনি। সেখান থেকেই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।রাজ্যপালের পদ শূন্য হওয়ায় আপাতত পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর. এন. রবি

পদত্যাগ বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের | বাংলার পরবর্তী রাজ্যপাল হচ্ছেন আর এন রবি (রবীন্দ্র নারায়ণ রবি)

এই নিয়োগকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন,“কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর. এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠিত রীতি অনুযায়ী এ বিষয়ে কখনও আমার সঙ্গে পরামর্শ করা হয়নি।

এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানে।”তিনি আরও বলেন, কেন্দ্রের উচিত যুক্তরাষ্ট্রীয়তার নীতিকে সম্মান করা এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা।উল্লেখ্য, আর. এন. রবি (রবীন্দ্র নারায়ণ রবি) একজন প্রাক্তন আইপিএস আধিকারিক এবং অভিজ্ঞ প্রশাসক। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে তিনি তামিলনাড়ুর ১৫তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নাগাল্যান্ড ও মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন তিনি। তবে তামিলনাড়ুতে দায়িত্ব পালনকালে ডিএমকে সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিশেষ করে প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগ, রাজ্য সরকারের পাশ করা একাধিক বিল আটকে রাখা—যার জেরে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়—এবং NEET বিলকে কেন্দ্র করে বিতর্কের কারণে তিনি বারবার শিরোনামে উঠে এসেছেন।সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে এই আকস্মিক পরিবর্তন রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

Latest