অভিজিৎ সাহা: ২২শে মার্চ, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের খুকুড়দা এলাকায় নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তপোক্ত করতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এদিন চেকিং পয়েন্টে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

দায়িত্ব পালনে কোনও গাফিলতি না রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সতর্কতার মাত্রা বাড়ানোর কথাও জানান।শুধু প্রশাসনিক তৎপরতাই নয়, সাধারণ মানুষের সঙ্গেও মিশে যান পুলিশ সুপার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের খোঁজ নেন এবং স্পষ্ট বার্তা দেন—ভয়মুক্ত পরিবেশে ভোট দিন, প্রশাসন সর্বক্ষণ পাশে রয়েছে।
পরিদর্শনের সময় আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। কোথাও কোনও নিরাপত্তা ঘাটতি চোখে পড়লে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেন।নির্বাচনের আগে পুলিশের এই সক্রিয় ভূমিকায় স্বস্তি ফিরছে দাসপুরের মানুষের মধ্যে, এমনটাই মনে করছেন স্থানীয়রা।