Skip to content

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে মেদিনীপুরে পাল্টা বার্তা— গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণে তৃণমূল যুব!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : বিজেপির ‘পরিবর্তন সংকল্প রথ যাত্রা’কে কেন্দ্র করে মেদিনীপুরে পাল্টা কর্মসূচি নিল তৃণমূল যুব কংগ্রেস। বিজেপির রথ যাত্রার পর গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি পালন করে যুব তৃণমূল। তাঁদের অভিযোগ, এসআইআর (SIR)-এর নামে গণতন্ত্রের উপর আঘাত করা হচ্ছে এবং প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। যুব তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির এই যাত্রা আসলে “গণতন্ত্রবিরোধী বিষ যাত্রা”। সেই কারণেই যেসব রাস্তা দিয়ে বিজেপির রথ যাত্রা গিয়েছে, সে সব পথে গঙ্গাজল ছিটিয়ে ঝাঁট দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করা হয়। এদিন যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়ে কুশপুতুল দাহও করা হয় বলে দাবি সংগঠনের।

এ প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, “মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি। আজ যারা গণতন্ত্রের হত্যাকারী, অর্থাৎ SIR-এর নামে প্রকৃত ভোটারদের নাম ডিলিট করে গণতন্ত্রকে হত্যা করছে, তারাই এখানে এসে রাজনীতি করতে চাইছে। মেদিনীপুরের মানুষ এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি। আমরা মনে করি, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মেদিনীপুরের পবিত্র মাটিকে কলুষিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যে রাস্তা দিয়ে বিজেপির এই বিষ রথ যাত্রা গিয়েছে, সেই পথেই আমরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেছি। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়ে তাঁর কুশপুতুল দাহ করা হয়েছে।” এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান, যুব নেতা-কর্মী সহ বহু কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে মেদিনীপুরের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে বিজেপির পরিবর্তন সংকল্প রথ যাত্রা, অন্যদিকে তৃণমূলের শুদ্ধিকরণ কর্মসূচি—সব মিলিয়ে জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

0:00
/0:13

Latest