খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগে ১ কোটি ৪০ লক্ষ টাকা! বিপুল নগদ উদ্ধার, গ্রেফতার যুবক
সেখ ওয়ারেশ আলী:খড়গপুর রেলস্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। টাটা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা নগদ উদ্ধার করল খড়গপুর জিআরপি। এই ঘটনায় রাহুল সোনি নামে এক যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃত যুবকের বাড়ি হাওড়ায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, রাহুল সোনি টাটা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে খড়গপুর রেলস্টেশনে পৌঁছেছিলেন। ট্রেন থেকে নামার পর তিনি স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন। সেই সময় ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত টহলদারির কাজে নিযুক্ত ছিলেন খড়গপুর জিআরপির পুলিশকর্মীরা। প্ল্যাটফর্মে বসে থাকা ওই যুবকের গতিবিধি এবং তাঁর সঙ্গে থাকা সামগ্রী দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের।এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন রেল পুলিশের আধিকারিকরা। যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর স্টেশন চত্বরে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ৭ নম্বর প্ল্যাটফর্মেই শুরু হয় উদ্ধার হওয়া টাকা গোনার প্রক্রিয়া। ঘটনার পর রাহুল সোনিকে গ্রেফতার করে খড়গপুর জিআরপি। তবে তাঁর কাছে এত বিপুল পরিমাণ নগদ টাকা কীভাবে এল, কোথা থেকে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই অর্থের সঙ্গে কোনও বেআইনি আর্থিক লেনদেন বা চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস, গন্তব্য এবং গোটা ঘটনার নেপথ্যে থাকা সম্ভাব্য যোগসূত্র জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ। খড়গপুরের মতো গুরুত্বপূর্ণ রেল জংশনে একজন যাত্রীর কাছ থেকে একসঙ্গে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিপুল অর্থের প্রকৃত উৎস ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আপাতত গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে খড়গপুর জিআরপি।