নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের Padma River-এ ভয়াবহ বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। ঢাকাগামী যাত্রীবোঝাই বাসটি নদীতে পড়ে যাওয়ার পর থেকে টানা উদ্ধার অভিযান চলছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার সময় ঠিক কত জন বাসে ছিলেন, তা এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যে উদ্ধার হওয়া মৃতদের মধ্যে ১৩ জন মহিলা ও পাঁচ শিশুও রয়েছে। জানা গিয়েছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা পারাপারের অপেক্ষায় ছিল সেটি। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জেটি থেকে সোজা নদীতে পড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কিছু আগে কয়েক জন যাত্রী বাস থেকে নেমে ঘাটে অপেক্ষা করছিলেন, ফলে প্রকৃত যাত্রীসংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুধবার বিকেল থেকেই শুরু হয় উদ্ধারকাজ। ডুবুরি নামানো হয় নদীতে। পরে ক্রেনের সাহায্যে প্রায় ৬০ ফুট গভীর থেকে বাসটিকে তোলা হয়। বৃহস্পতিবারও উদ্ধার অভিযান জারি রয়েছে। এখনও কেউ নিখোঁজ রয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঘটনার তদন্তে রাজবাড়ী জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। ওই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল ফেরিঘাটের নিরাপত্তা ও যাত্রীবাহী পরিবহণ ব্যবস্থার ত্রুটি নিয়ে।
পদ্মায় মৃত্যুমিছিল, বাসডুবিতে মৃত ২৪— চলছে উদ্ধার অভিযান..