সুমন মণ্ডল : চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে আসন্ন রাজনৈতিক প্রচারকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য্যকান্ত দোলইয়ের সমর্থনে আগামী ১৬ এপ্রিল রামজীবনপুরে রোড শো করতে আসছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। তাঁর এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকাজুড়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।দেবের আগমনকে সামনে রেখে রামজীবনপুরে তৈরি করা হচ্ছে একটি অস্থায়ী হেলিপ্যাড।
প্রস্তুতির কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখছেন রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দলীয় সংগঠনও মাঠে নেমে পড়েছে, যাতে গোটা রোড শো নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান, এই রোড শোকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের আশা, অভিনেতা-সাংসদ দেবের উপস্থিতি নির্বাচনী প্রচারে নতুন গতি এনে দেবে এবং কর্মীদের মনোবল আরও বাড়াবে।সব মিলিয়ে ১৬ এপ্রিলের এই রোড শো ঘিরে চন্দ্রকোনার রাজনৈতিক আবহ এখন থেকেই সরগরম।