পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এলপিজি গ্যাসের সরবরাহ ও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয় হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা শাসক দপ্তরে জেলা এলপিজি মনিটরিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক Bijin Krishna, পুলিশ সুপার Palash Chandra Dhali-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক, বিভিন্ন তেল কোম্পানির প্রতিনিধি এবং এলপিজি ডিস্ট্রিবিউটররা।

বৈঠকে রাজ্য ও দেশের বর্তমান এলপিজি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের মজুত, সরবরাহ ব্যবস্থা এবং সম্ভাব্য ঘাটতির বিষয়েও পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে জেলাশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী-র নির্দেশে জেলা স্তরে এলপিজি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল, হোস্টেল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়িতে যাতে কোনোভাবেই এলপিজি গ্যাসের সংকট না হয়, তার জন্য প্রশাসন বিশেষ নজরদারি চালাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল কোম্পানি ও ডিস্ট্রিবিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে জেলায় পর্যাপ্ত এলপিজি গ্যাসের মজুত রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে। তবে গুজবের কারণে অনেক সময় মানুষ অযথা আতঙ্কিত হয়ে পড়ছেন।পুলিশ সুপার জানান, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জেলা পুলিশ, তেল কোম্পানি এবং এলপিজি ডিস্ট্রিবিউটরদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। পাশাপাশি কেউ যদি গুজব ছড়ায় বা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে।