টানা বৃষ্টিতে কেশপুরে দুর্ভোগ, ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি!
অভিজিৎ সাহা : অতি ভারী বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের একাধিক গ্রামে দেখা দিয়েছে দুর্ভোগ। টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত ও ভেঙে পড়েছে। ঘরে জল ঢুকে নষ্ট হয়েছে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ফলে চরম সমস্যায় পড়েছেন বহু পরিবার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের বাগপোতা, গোবিন্দপুর, কদমপাট-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জেরে পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও মাটির বাড়ির একাংশ ভেঙে পড়েছে, আবার কোথাও জল ঢুকে গৃহস্থালির সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় এখনও জল জমে থাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, জল দ্রুত না নামায় বাড়িঘরে থাকা এবং দৈনন্দিন কাজকর্ম চালানো কঠিন হয়ে পড়েছে। বিপর্যস্ত পরিবারগুলির দ্রুত সরকারি সাহায্য, ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার দাবি উঠেছে।এদিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন মণ্ডল ও জেলা বিজেপি নেতৃত্ব। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে কেশপুরের গ্রামীণ এলাকায় জলমগ্ন পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে।