নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, জাতীয় ও রাজ্য স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের জন্য ডিজিটাল ভাউচার প্রদান করা হচ্ছে।এই সুবিধা মূলত অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দলগুলির জন্য প্রযোজ্য। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি রাজনৈতিক দলকে গড়ে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত বিনামূল্যে সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, আগের নির্বাচনে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কিছু দল অতিরিক্ত সময়ও পাবে।কমিশন আরও জানিয়েছে, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই এই সম্প্রচার শুরু হবে এবং ভোটের দু’দিন আগে পর্যন্ত তা চলবে। তবে এই সুযোগ পেতে হলে রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। আগাম স্ক্রিপ্ট জমা দেওয়া বাধ্যতামূলক, পাশাপাশি নির্ধারিত প্রযুক্তিগত মান বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।শুধু প্রচার নয়, ভোটারদের সচেতন করতে দূরদর্শন ও আকাশবাণীতে বিশেষ আলোচনা ও বিতর্কেরও আয়োজন করা হবে। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে নতুন মাত্রা যোগ হতে চলেছে এই উদ্যোগে।