ডেবরার চাকরি প্রতারণা মামলায় সুজয় হাজরার বাড়িতে CID তল্লাশি, নথি সংগ্রহ তদন্তকারীদের!
সেখ ওয়ারেশ আলী : ডেবরায় চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগের মামলায় তদন্তে নয়া মোড়। এই মামলায় ইতিমধ্যেই CID-এর হেফাজতে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। রবিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে মেদিনীপুর শহরের দেওয়ান নগরে তাঁর বাড়িতে নিয়ে আসে CID-এর তদন্তকারী দল।রবিবার ১৬ আগস্ট দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে সুজয় হাজরার বাড়িতে পৌঁছন CID আধিকারিকরা।

প্রায় ৫০ মিনিট ধরে বাড়ির ভিতরে চলে তল্লাশি ও তদন্তের কাজ। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে বলে জানা গেছে।এর আগে শনিবার এই মামলায় সুজয় হাজরা এবং সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন CID আধিকারিকরা। সেই জিজ্ঞাসাবাদের পরই রবিবার তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসা হয় বলে সূত্রের খবর।দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান CID-এর আধিকারিকরা। তদন্তের স্বার্থে বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এরপর সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে CID-এর প্রতিনিধি দল কলকাতার উদ্দেশে রওনা দেয়।তবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় গোটা তদন্ত নিয়ে কোনও মন্তব্য করেননি প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার এই মামলায় CID-এর তদন্তে আরও কী তথ্য উঠে আসে এবং পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।ঘটনাকে ঘিরে মেদিনীপুর শহরের রাজনৈতিক মহলেও নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।