নিজস্ব সংবাদদাতা : ওড়িশার কটকে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে আগুন লেগে অন্তত ১০ জন রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে। গুরুতর অবস্থায় আরও অন্তত ৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ১৬ই মার্চ সোমবার ভোর প্রায় ৩টা নাগাদ হাসপাতালের প্রথম তলায় থাকা ট্রমা কেয়ার জরুরি বিভাগে আচমকাই আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন আইসিইউ এবং সংলগ্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। ফলে হাসপাতালে ভর্তি রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

অনেকেই প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন।প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন লাগার পর আইসিইউ জুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে কয়েকজন রোগীর মৃত্যু হয়। আবার কিছু রোগীকে তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময়ও তাঁদের প্রাণ যায় বলে আশঙ্কা করা হচ্ছে।আগুন লাগার খবর পেয়ে প্রথমে হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে দমকলের আরও তিনটি ইঞ্জিন দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তুলনামূলক কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে, তবুও আইসিইউতে জমে থাকা ঘন ধোঁয়া গুরুতর অসুস্থ রোগীদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে।পরিস্থিতি সামাল দিতে আইসিইউতে থাকা গুরুতর রোগীদের দ্রুত সেখান থেকে সরিয়ে হাসপাতালের নতুন মেডিসিন আইসিইউতে স্থানান্তর করা হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন হাসপাতাল কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও তাঁদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে গোটা হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে।