Skip to content

ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকা কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ল বাসন্তী পুজোর প্যান্ডেল, অল্পের জন্য রক্ষা পেলেন ভক্তরা!

নিজস্ব সংবাদদাতা : গত ২৭ মার্চ, শুক্রবার রাতের প্রবল ঝড়-বৃষ্টিতে তছনছ হয়ে যায় ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকা। সেই দুর্যোগের মধ্যেই ঝাড়গ্রাম শক্তিনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে সন্টু স্মৃতিসংঘ ক্লাবের বাসন্তী পুজোর প্যান্ডেল সম্পূর্ণ ভেঙে পড়ে, যার জেরে চরম হতাশায় ভেঙে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্লাব কর্তৃপক্ষ।জানা গিয়েছে, রাত প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ আচমকাই শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার ঘটনাও ঘটে।এবার শক্তিনগরে এই বাসন্তী পুজো ছিল ১৬তম বর্ষে। সেই সময় মণ্ডপে উপস্থিত ছিলেন বহু ভক্ত। ঝড়ের হাত থেকে বাঁচতে অনেকেই প্যান্ডেলের ভেতরে আশ্রয় নেন। কিন্তু হঠাৎই ঝড়ের তাণ্ডবে গোটা প্যান্ডেল উপড়ে পড়ে। যদিও সৌভাগ্যবশত প্যান্ডেলটি উপরের দিকে ভেঙে পড়ায় ভেতরে থাকা কেউ গুরুতর আহত হননি—বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে রক্ষা করা যায়নি দেবীর মূর্তি, যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের কথায়, “মায়ের অশেষ কৃপায় এত বড় দুর্ঘটনার পরেও কেউ আহত হননি”—এই বিশ্বাসেই কিছুটা সান্ত্বনা খুঁজছেন তাঁরা।অন্যদিকে, একই ঝড়ের প্রভাবে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় গাছ পড়া ও ডাল ভাঙার ঘটনা ঘটলেও কোথাও বড়সড় হতাহতের খবর মেলেনি।

Latest