সেখ ওয়ারেশ আলী : গতকাল, ২৭শে মার্চ, শুক্রবার রাত থেকে আচমকা কালবৈশাখীর ভয়াবহ দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে মেদিনীপুর শহর। প্রবল ঝড় ও দমকা হাওয়ার তীব্রতায় শহরের একাধিক এলাকায় উপড়ে পড়ে বড় বড় গাছ, ভেঙে যায় ডালপালা। জেলাশাসকের কার্যালয় চত্বর থেকে রিং রোড—প্রায় সর্বত্রই ছড়িয়ে থাকে ভাঙা গাছের অংশ, যার ফলে রাতারাতি থমকে যায় স্বাভাবিক জনজীবন।

ঝড়ের ধাক্কায় বহু জায়গায় উড়ে যায় টিনের ছাউনি। কোথাও আবার ভেঙে পড়া গাছের ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। একাধিক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকায় রাত থেকেই শহরের বিস্তীর্ণ অংশ অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

শনিবার সকাল হতেই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গাছ কাটার কাজ, রাস্তা পরিষ্কার ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেন।

এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কুইকোটা, বার্জটাউন, স্টেশন রোড, জেলা পার্টি অফিস ও হাসপাতাল-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে তিনি ক্ষয়ক্ষতির চিত্র খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

হঠাৎ এই কালবৈশাখীর তাণ্ডবে মেদিনীপুর শহরের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়লেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে।