সেখ ওয়ারেশ আলী : গতকাল, ২৭ মার্চ শুক্রবার রাত থেকে আচমকা কালবৈশাখীর ভয়াবহ ঝড়-বৃষ্টিতে তছনছ হয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা। সেই প্রাকৃতিক দুর্যোগের মাঝেই মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত সারেঙ্গাশোল এলাকায় ঘটে যায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে গোটা পুলিশ মহলকে। জানা গিয়েছে, ডিউটি শেষ করে ফিরছিল পুলিশের একটি গাড়ি। ঠিক সেই সময় প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে রাস্তার ধারে থাকা একটি বিশাল গাছ আচমকাই ভেঙে গাড়িটির ওপর এসে পড়ে। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষ ছেত্রী (৫৯) নামে এক অভিজ্ঞ কনস্টেবলের।

দীর্ঘদিনের সহকর্মীকে এভাবে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর সহকর্মীরা।এই ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও তিনজন পুলিশকর্মী। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীদের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে সৌরভ সাউয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৎপরতার সঙ্গে ‘গ্রিন করিডর’ তৈরি করে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য দুই আহতের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

দুর্ঘটনার পরপরই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, যার ফলে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়।অন্যদিকে, একই ঝড়ের প্রভাবে বেলদা এলাকাতেও ঘটে আরেকটি দুর্ঘটনা। রাস্তায় পড়ে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন এক ভিলেজ পুলিশ কর্মী। তাঁকেও দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই কালবৈশাখীর তাণ্ডব শুধু অবকাঠামোর ক্ষতিই করেনি, কেড়ে নিয়েছে এক কর্তব্যরত পুলিশকর্মীর প্রাণ এবং আহত করেছে আরও কয়েকজনকে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জেলা পুলিশ প্রশাসনের মধ্যে।