‘তিন মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না’, মন্ত্রীকে ঘিরে মহিলাদের ক্ষোভ মেদিনীপুরে!
নিজস্ব সংবাদদাতা : অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অসন্তোষ অব্যাহত। এবার সেই একই অভিযোগের মুখে পড়তে হলো পশ্চিম মেদিনীপুরে আসা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে।শুক্রবার একটি কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুরে আসছিলেন মন্ত্রী।

দুপুরে কর্ণেলগোলার কাছে বিজেপির নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। সেই সময়ই পাশে থাকা কয়েকজন মহিলা মন্ত্রীর উদ্দেশে তাঁদের ক্ষোভের কথা জানান।মহিলাদের অভিযোগ, “তিন মাস হয়ে গেল, অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না।” তাঁদের প্রশ্ন, কেন এখনও তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন?হঠাৎ এমন প্রশ্নের মুখে কিছুটা অস্বস্তিতে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি সামাল দিয়ে তিনি মেদিনীপুরের বিধায়ক ড.শংকর কুমার গুচ্ছাইত সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার পরামর্শ দেন।অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। মেদিনীপুরে মন্ত্রীর সামনেই মহিলাদের এমন অভিযোগ ওঠায় বিষয়টি নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।