অরিন্দম চক্রবর্তী:খড়্গপুরে মানবিক উদ্যোগের নজির গড়লেন বিশিষ্ট মানবাধিকার কর্মী অমিত মিশ্রর। তাঁর মা রাজদেবী মিশ্রর-র স্মৃতিতে ৩৬ পাড়ায় অনুষ্ঠিত হল দশম বর্ষের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু অপারেশন শিবির। সমাজসেবামূলক এই উদ্যোগে বিপুল সাড়া দেন এলাকার মানুষ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে মোট ১৩০ জনের চোখ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জনকে পরবর্তী সময়ে চক্ষু অপারেশনের জন্য পাঠানো হয়েছে।

শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন মেদিনীপুর রোটারি ক্লাব-এর চিকিৎসকরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের অভিষেক যাদব, খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, খড়্গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত,অনিল দাস,রূপেশ বসু,রাহুল শর্মা সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।শুধু চোখের পরীক্ষা নয়, স্বাস্থ্য সচেতনতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শিবিরে প্রায় ৫০ জন মানুষ রক্ত পরীক্ষা করান এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে চিকিৎসকদের পরামর্শ নেন।স্থানীয় বাসিন্দাদের মতে, প্রতি বছর এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের ফলে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।

আয়োজকদের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।