Skip to content

আইপিএল ২০২৬-এর আগে ইডেনে জোর প্রস্তুতি, CAB-কেকেআর-বিসিসিআই ও কলকাতা পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক!

নিজস্ব সংবাদদাতা : ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসর শুরুর আগে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আসন্ন হোম ম্যাচগুলিকে ঘিরে যাতে নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা এবং অপারেশনাল দিক থেকে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই সোমবার এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে বসে সিএবি (CAB), কলকাতা পুলিশ, কেকেআর (KKR) এবং বিসিসিআই (BCCI)-এর অপারেশনস টিম। আইপিএলের ১৯তম সংস্করণ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কেকেআরের প্রথম হোম ম্যাচ ২ এপ্রিল ইডেনে হওয়ার কথা।সূত্রের খবর, ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য ম্যাচগুলিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ, ভিআইপি মুভমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, টিকিটধারীদের নির্বিঘ্ন প্রবেশ এবং ম্যাচ-ডে অপারেশনসের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে বিপুল দর্শকসমাগমের কথা মাথায় রেখে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় আরও মজবুত করার উপর জোর দেওয়া হয়েছে।এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সদর দপ্তরের যুগ্ম পুলিশ কমিশনার মীরাজ খালিদ, সিএবি-র সচিব বাবলু কোলায়, যুগ্ম সচিব মদন মোহন ঘোষ এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। পাশাপাশি কলকাতা পুলিশ ও সিএবি-র অন্যান্য শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কেকেআর এবং বিসিসিআইয়ের অপারেশনস দলের প্রতিনিধিরাও ম্যাচ আয়োজনের সার্বিক রূপরেখা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।ভোট ও উৎসবের মরশুমে শহরে বাড়তি নিরাপত্তা চাহিদার বিষয়টি মাথায় রেখেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রীড়ামহল। আগের মরশুমেও নিরাপত্তাজনিত কারণে ইডেনের ম্যাচ সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তাই এবার আগে থেকেই সবদিক সুনিশ্চিত করতে তৎপরতা অনেকটাই বেশি।আইপিএলের উত্তাপ যত বাড়ছে, ততই ইডেনে দর্শকদের উন্মাদনাও চরমে। সেই আবহে নির্বিঘ্ন ও নিরাপদ ম্যাচ আয়োজন নিশ্চিত করতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Latest