Skip to content

দোলের দিনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ৩ মার্চ আকাশে বিরল দৃশ্য, জেনে নিন সময়সূচি ও বিধিনিষেধ!

নিজস্ব সংবাদদাতা : দোল উৎসবের রঙিন আবহের মাঝেই ৩ মার্চ, মঙ্গলবার আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করলে যে গ্রহণ ঘটে, তাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। আর যখন চাঁদের সম্পূর্ণ অংশ পৃথিবীর ঘন ছায়ায় ঢেকে যায়, তখন তা পূর্ণগ্রাস গ্রহণে পরিণত হয়। এ বছরের এই গ্রহণ ভারতের আকাশে দৃশ্যমান হওয়ায় তা বিশেষ গুরুত্ব পাচ্ছে।জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, ৩ মার্চ দুপুর ২টো ১৩ মিনিটে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করবে। মূল গ্রহণ শুরু হবে বিকেল ৩টে ২০ মিনিটে। শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং রাত ৭টা ৫৫ মিনিটে চাঁদ উপচ্ছায়া ত্যাগ করবে।

অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্ব প্রায় ৩ ঘণ্টা ২৮ মিনিট। শাস্ত্রমতে, গ্রহণের প্রায় ন’ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতককাল। সেই হিসাবে মঙ্গলবার ভোর ৬টা ২০ মিনিট থেকেই সূতককাল শুরু হবে। গ্রহণ চলাকালীন ও সূতককালে শুভ কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এবার দোলপূর্ণিমা পড়েছে ২ মার্চ বিকেল ৫টা ৫৭ মিনিটে এবং তা শেষ হবে ৩ মার্চ বিকেল ৫টা ৮ মিনিটে। ফলে দোলের দিনই পড়ছে গ্রহণের সময়। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন—রং খেলা বা দোলের পুজো কি করা যাবে?জ্যোতিষীদের মতে, গ্রহণ চলাকালীন সময় অর্থাৎ বিকেল ৩টে ২০ থেকে ৬টা ৪৮ মিনিট পর্যন্ত রং খেলা, পুজো বা অন্য কোনও শুভ কাজ করা শাস্ত্রসম্মত নয়। বিশেষ করে মন্দিরে প্রতিমা স্পর্শ, পূজার্চনা বা নতুন কাজ শুরু এড়িয়ে চলাই বিধি। উল্লেখ্য, ৪ মার্চ বিয়ের একটি শুভ লগ্ন রয়েছে। তবে গ্রহণ চলাকালীন বিয়ে সংক্রান্ত কোনও কাজ করাও নিষিদ্ধ বলে মত বিশেষজ্ঞদের।





Latest