Skip to content

আদালতের নির্দেশেও ভাঙল না বাড়ি! কান্না-আবেগে পিছিয়ে গেল প্রশাসন, চন্দ্রকোনায় তুমুল উত্তেজনা!

1 min read

অভিজিৎ সাহা : আদালতের নির্দেশ কার্যকর করতে গিয়েও শেষ পর্যন্ত বাড়ি ভাঙা হল না। চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রশাসনের আধিকারিক ও আইনজীবীরা আদালতের নির্দেশ মেনে বাড়ি ভাঙতে ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু বসবাসকারী পরিবারের সদস্যরা সামনে এসে কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা ওই জায়গায় বসবাস করছেন—বাম আমল থেকে সেখানে ঘর তুলে থাকছেন। তাঁদের দাবি, নিজস্ব কোনও জমি-জায়গা নেই, বাড়ি ভেঙে দিলে তাঁরা কোথায় যাবেন?পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। চিৎকার-চেঁচামেচি ও কান্নার মধ্যে প্রশাসনের আধিকারিকদের পায়ে পড়ে যান পরিবারের সদস্যরা। উত্তেজনার জেরে একজন অসুস্থ হয়ে পড়েন বলেও জানা যায়।

এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাড়ি না ভেঙেই ঘটনাস্থল ছাড়েন আইনজীবী ও প্রশাসনের কর্তারা।যদিও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বিস্তারিত মন্তব্য করতে চাননি কেউই। তবে বাদী পক্ষের আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দত্ত জানিয়েছেন, “আদালতের নির্দেশ দুই পরিবার অমান্য করেছেন। তাই আমরা পুনরায় আদালতের দ্বারস্থ হব ন্যায় বিচারের স্বার্থে।”এখন দেখার, এই ঘটনার পর আদালতের পরবর্তী নির্দেশ কী আসে এবং প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

Latest