Skip to content

চন্দ্রকোনারোডে মানবিক উদ্যোগ, ক্যান্সার আক্রান্ত দুই যুবক-যুবতীর চিকিৎসায় অর্থ সংগ্রহ

অভিজিৎ সাহা : মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোডে। সমাজের প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়ে ক্যান্সারে আক্রান্ত দুই যুবক-যুবতীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে নেমে পড়লেন একদল সমাজসেবী যুবক। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যেই গোটা শহরে প্রশংসার ঝড় তুলেছে। শনিবার সকাল থেকেই চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন দোকান, বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন ওই যুবকেরা। হাতে ছিল সাহায্যের আবেদনপত্র, মুখে ছিল অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান। তাঁদের ডাকে সাড়া দিয়ে স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ পথচলতি মানুষ—অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।

0:00
/0:30

উদ্যোক্তাদের বক্তব্য, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের দুই ক্যান্সার আক্রান্ত তরুণ-তরুণীর চিকিৎসার জন্য এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। চিকিৎসার বিপুল খরচে পরিবারগুলি কার্যত দিশেহারা হয়ে পড়েছে। সেই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়াতেই এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আরও জানান, সংগৃহীত সমস্ত অর্থ খুব দ্রুত আক্রান্ত দুই পরিবারের হাতে তুলে দেওয়া হবে, যাতে চিকিৎসার খরচের কিছুটা হলেও সুরাহা হয়। পাশাপাশি ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে সাহায্যের হাত বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন উদ্যোক্তারা। এলাকার বাসিন্দাদের একাংশের মতে, বর্তমান সময়ে যখন ব্যক্তিস্বার্থই অনেক ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, তখন চন্দ্রকোনারোডের যুব সমাজের এই উদ্যোগ সমাজকে নতুন করে সহমর্মিতা, ঐক্য ও মানবিকতার পাঠ দিচ্ছে।

Latest