নিজস্ব সংবাদদাতা : মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন এদিন একেবারে তারকাদের আসর হয়ে উঠেছিল। ভারতের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন ক্রীড়া ও বলিউড জগতের বহু নামী মুখ। গ্যালারিতে দেখা গেল রোহিত শর্মা, স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত মহেন্দ্র সিং ধোনি, সপরিবারে বলিউড তারকা রণবীর কাপুর, নীতা আম্বানি, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, কেএল রাহুল ও আহান শেট্টিকে।

প্রিয় দলের জয় দেখার আশায় তাঁদের উপস্থিতি যেন ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই তারকাখচিত গ্যালারির সামনেই দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল স্কোর তোলে টিম ইন্ডিয়া। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের বোলিং আক্রমণকে চাপে ফেলে দেন ভারতীয় ব্যাটাররা।এদিকে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে জস বাটলারকে আউট করে বড় সাফল্য পায় ভারত। ইংল্যান্ডের স্কোর ৬৪/৩, ফলে ম্যাচের নিয়ন্ত্রণ আপাতত ভারতের হাতেই। এখন দেখার, ইংল্যান্ড এই চাপ সামলে ম্যাচে ফিরতে পারে কি না?