সেখ ওয়ারেশ আলী : ১৫ই মার্চ, রবিবার,পবিত্র রমজান মাসের ২৫তম দিনে মেদিনীপুরে আয়োজন করা হল দাওয়াত-এ-ইফতার। মেদিনীপুর পৌরসভা-র উদ্যোগে মির্জা মহল্লার মেলা ময়দানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।রমজান-উল-মোবারক উপলক্ষে শহরের মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই বিশেষ ইফতার সভা। জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে এবং জুন মালিয়া, মেদিনীপুর লোকসভার সাংসদের উদ্যোগে এই দাওয়াত-এ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার ভিনসেন্ট লোবো, মাওলানা আজহার আলি, আদিল মসজিদের ইমাম সাহেব, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুরোহিত অজিত চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডা. গোপালচন্দ্র বেরা, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ, স্বপ্না গোড়াই মহিলা কলেজের অধ্যক্ষ, সৌমেন খান, সমাজসেবী আব্দুল ওয়াহেদ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এই ইফতার সভায় বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি মেদিনীপুর শহরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল বার্তা তুলে ধরে। আয়োজকদের মতে, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।