৭৫ বছরে খড়গপুর আইআইটি, প্ল্যাটিনাম জুবিলীতে গর্বের সুর
অরিন্দম চক্রবর্তী: গৌরবের ৭৫ বছর। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জুবিলী উদযাপন হল সাড়ম্বরে। মঙ্গলবার, ১৮ আগস্ট নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা, সাফল্য এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ বার্তা।‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ইনচার্জ কল্যাণ চক্রবর্তী। অনুষ্ঠানে খড়গপুর আইআইটির ৭৫ বছরের যাত্রাপথ এবং দেশ-বিদেশে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাফল্যের কথা তুলে ধরা হয়।

আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, খড়গপুর আইআইটি থেকে শিক্ষা নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে বহু ছাত্রছাত্রী নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং তাঁদের সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের নামও উজ্জ্বল করেছেন।বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যোগ, আধ্যাত্মিকতা এবং বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতির সম্ভাব্য যোগসূত্র নিয়েও বক্তব্যে আলোকপাত করেন তিনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে বিশ্বজুড়ে যে গবেষণা চলছে, সেখানে খড়গপুর আইআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।প্রতিষ্ঠানের পরিকাঠামো আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন আইআইটি ডিরেক্টর। সেই লক্ষ্যে নতুন ভবন ও পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি খড়গপুর আইআইটির প্রযুক্তিগত সক্ষমতার উদাহরণ হিসেবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সাইকেল তৈরির কাজের কথাও তুলে ধরেন।

প্ল্যাটিনাম জুবিলী অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ট অব লিভিং-এর প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর। তাঁর দীর্ঘ বক্তব্যে যোগ, মেডিটেশন ও ব্রিদিং এক্সারসাইজের গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও যোগাভ্যাস মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে বার্তা দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন, নীতি আয়োগের সদস্য গোবর্ধন দাস, আইআইটি খড়গপুরের পাবলিক রিলেশনস অফিসার প্রতীক দামা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতমাতাকে কেন্দ্র করে বিশেষ অভিনয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আইআইটি খড়গপুরের ছাত্রছাত্রীরা।৭৫ বছরের গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে আগামী দিনের পথচলার বার্তাতেই শেষ হয় খড়গপুর আইআইটির প্ল্যাটিনাম জুবিলী উদযাপন।