নিজস্ব সংবাদদাতা : ছাত্র-কেন্দ্রিক ক্যাম্পাস পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। লাল বাহাদুর শাস্ত্রী আবাসিক হলে নবনির্মিত একটি আধুনিক গ্রন্থাগারের উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার আবাসিক পরিবেশ ও শিক্ষাবান্ধব সুযোগ-সুবিধাকে আরও সমৃদ্ধ করল।সহকারী ওয়ার্ডেন, লিয়াজোঁ অফিসার এবং হল কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব ও অধ্যাপক পৃথ্বীরাজ দে।

তাঁদের সান্নিধ্যে আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে নতুন গ্রন্থাগারটির উদ্বোধন করেন।উদ্বোধনের পর পরিচালক হলের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন। বিশেষ করে মেসের সুবিধা, শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা, খেলাধুলা ও বিনোদনের পরিকাঠামো পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাঁদের অভিজ্ঞতা ও প্রয়োজনের কথাও শোনেন।

শিক্ষার্থীদের সামগ্রিক আবাসিক অভিজ্ঞতা আরও উন্নত করতে যে সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন পরিচালক।এই নতুন উদ্যোগ স্পষ্টভাবে তুলে ধরছে, ছাত্রছাত্রীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং সামগ্রিক আবাসিক-শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আইআইটি খড়গপুর কতটা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, গবেষণা ও আবাসিক জীবনের মধ্যে সুষম সমন্বয় গড়ে তোলার ক্ষেত্রে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।