Skip to content

গড়বেতা,চন্দ্রকোনা রোড ও শালবনী রেল স্টেশনে আসানসোল–দীঘা এক্সপ্রেসের স্টপেজ!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল গড়বেতা, চন্দ্রকোনা রোড ও শালবনী রেল স্টেশন। স্থানীয় মানুষের বারবার দাবি ও আন্দোলনের ফলেই আজ ১৫ই ফেব্রুয়ারি রবিবার  থেকে আনুষ্ঠানিকভাবে আসানসোল–দীঘা (১৩৫০৬) এবং দীঘা–আসানসোল (১৩৫০৫) এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু হলো এই তিন গুরুত্বপূর্ণ স্টেশনে। এর ফলে দীঘা এবং আসানসোল—এই দুই শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও মজবুত হলো বাঁকুড়ার ওন্দা, গড়বেতা, চন্দ্রকোনা রোড় ও শালবনী এলাকার মানুষের জন্য। এতদিন পর্যটক, ব্যবসায়ী ও নিত্যযাত্রীদের দীঘা বা আসানসোল যেতে বহু দূরের স্টেশন থেকে ট্রেন ধরতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ভোগান্তিপূর্ণ। নতুন স্টপেজ চালুর ফলে সেই সমস্যা অনেকটাই দূর হলো।

বিশেষ করে গড়বেতা ও চন্দ্রকোনা রোড এলাকার কৃষিজ পণ্য ও আলু ব্যবসার প্রসারে এই ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি শালবনী সংলগ্ন এলাকার বাসিন্দারাও এখন সহজেই শিল্পাঞ্চলে কর্মস্থলে যাতায়াত কিংবা চিকিৎসার প্রয়োজনে সফর করতে পারবেন। আজ সকালে নির্ধারিত স্টেশনগুলিতে ট্রেন পৌঁছনোর সঙ্গে সঙ্গেই স্থানীয় মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল, মালা ও মিষ্টি দিয়ে চালক ও যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। স্টেশন চত্বরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।রেলের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেই মনে করছেন এলাকাবাসী। তাঁদের মতে, এই স্টপেজ চালুর মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে খুলে গেল এক নতুন দিগন্ত।

Latest