পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা:সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন পিপলস প্ল্যান ক্যাম্পেন ২০২৬-২৭’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লালন সিং। সেখানেই সরকারি প্রকল্পের উপভোক্তাদের পরিচয় যাচাই এবং আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে আধার কার্ডের বিকল্প ব্যবস্থার ইঙ্গিত দেন তিনি।মন্ত্রী জানান, সরকারি প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড আর একমাত্র পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে না। ভোটার কার্ড এবং বায়োমেট্রিক যাচাইকরণের ভিত্তিতেও উপভোক্তাদের আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে।আধার ব্যবস্থায় জালিয়াতির আশঙ্কা থেকেই এই পরিবর্তনের ভাবনা বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় অলিগলিতে আধার কার্ড তৈরির কেন্দ্র গড়ে উঠেছে। কোথাও কোথাও মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আধার কার্ড তৈরি করে দেওয়ার দাবি করা হচ্ছে। এর ফলে জালিয়াতির সম্ভাবনা বাড়ছে। এই ধরনের অনিয়মে লাগাম টানতেই আধারনির্ভরতার বাইরে বিকল্প পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে।উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হয়। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির মতো প্রকল্প। তবে প্রস্তাবিত পরিবর্তন ঠিক কোন কোন প্রকল্পের ক্ষেত্রে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।এছাড়া নতুন নিয়ম কবে থেকে চালু হবে, আধার কার্ড সম্পূর্ণভাবে বিকল্পের আওতায় আসবে কি না, কিংবা উপভোক্তাদের জন্য ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণ কীভাবে কার্যকর করা হবে—এই বিষয়গুলিও এখনও চূড়ান্ত হয়নি। ফলে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে আপাতত নিয়ম পরিবর্তনের সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত বর্তমান নিয়মই কার্যকর থাকবে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n