নিজস্ব সংবাদদাতা: যুদ্ধের আঁচ ও আন্তর্জাতিক সংকটের মধ্যে দেশে এলপিজি সঙ্কট নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে কেন্দ্র আশ্বাস দিয়েছে, দেশে এখনও এলপিজি পর্যাপ্ত জোগান রয়েছে। এবার মধ্যবিত্ত সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্র আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড (EESL) আগামী সময়ে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ বাজারে আনার পরিকল্পনা করেছে। ধাপে ধাপে এই ইন্ডাকশন কুকস্টোভ দেশের বিভিন্ন রাজ্যে এবং সরকার অধীনস্থ সংস্থাগুলিতে বিতরণ করা হবে। কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ইইএসএল শীঘ্রই নতুন টেন্ডার ডাকবে। ইতিমধ্যেই এক লক্ষ ইন্ডাকশনের অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া ইন্ডাকশন ব্যবহারযোগ্য বাসনপত্রও ক্রয় করা হচ্ছে। ইইএসএলের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে ভেন্ডরদের কাছে যে স্টক আছে তা শেষ হলে নতুন টেন্ডার ডাকা হবে।এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রাম’-এর অধীনে নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প শক্তি বা বৈদ্যুতিক রান্নার প্রচার করা। ২০২৩ সালে ‘ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রাম’ শুরু হয় এবং ‘Go Electric’ ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে বৈদ্যুতিক রান্নার দিকে উৎসাহিত করা হচ্ছে। বিশ্ববাজারে এলপিজি সঙ্কট এবং চাহিদা বৃদ্ধির পেছনে ইরান-আমেরিকার সংঘাত ও হরমুজ প্রণালী বন্ধের ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর প্রভাব কমাতে এবং এলপিজির দাম নিয়ন্ত্রণে রাখতে ইন্ডাকশন কুকস্টোভের প্রচার কার্যকর হবে। ইইএসএল তাদের ই-কমার্স প্ল্যাটফর্ম EESLmart.in-এর মাধ্যমে এই ইন্ডাকশন কুকস্টোভ সরবরাহ করবে। ১২০০ ওয়াট ক্ষমতার এই কুকস্টোভে থাকবে এনার্জি কনসামশন ডিসপ্লে, চাইল্ড সেফটি লকসহ অন্যান্য আধুনিক ফিচার।বিশেষজ্ঞদের মতে, ইন্ডাকশনে রান্না করলে এলপিজির তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ সাশ্রয় হয়। পাশাপাশি, কার্বন এমিশনও উল্লেখযোগ্যভাবে কমে। এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সাশ্রয় নয়, পরিবেশ সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Go Electric উদ্যোগে নতুন ধাপ, এলপিজি চাহিদা কমাতে ইন্ডাকশন!